বাংলা দেশে নৃশংস বর্বরতার বিরুদ্ধে বিজ্ঞানীদের প্রতিবাদ

বাংলা দেশে পশ্চিম পাকিস্তানের জঙ্গীশাহীর নৃশংস বর্বরতার বিরুদ্ধে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে গত ১৬ই এপ্রিল, ’৭১ তারিখে পরিষদ ভবনে পশ্চিম বঙ্গের বিজ্ঞানী, বিজ্ঞানকর্মী ও জ্ঞানানুরাগী জনসাধারণের একটি প্রতিবাদ-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু। পশ্চিম পাকিস্তানের জঙ্গী গোষ্ঠী কর্তৃক হিংস্র পশুশক্তির চরম প্রকাশের তীব্র নিন্দা করে এবং বাংলা দেশের অভূতপূর্ব মুক্তি-সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করে ভাষণ দেন অধ্যাপক প্রিয়দারঞ্জন রায়।

নিম্নলিখিত প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়—

“বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভা বাংলা দেশে পশ্চিম পাকিস্তানের জঙ্গী গোষ্ঠীর নৃশংস বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাইতেছে এবং বাংলা দেশের অভূতপূর্ব মুক্তি-সংগ্রামের প্রতি সম্পূর্ণ সহানুভূতি ও সমর্থন জ্ঞাপন করিতেছে। বাংলা দেশের বিজ্ঞানী, শিক্ষাবিদ, ছাত্র, তথা সমগ্র জনসাধারণের উপর নারকীয় অত্যাচার যাহাতে অবিলম্বে বন্ধ হয়, সেই উদ্দেশ্যে পাকিস্তান সরকারের উপর নৈতিক প্রভাব প্রয়োগ করিবার জন্য বিশ্বের বিজ্ঞানীসমাজের নিকট এই সভা আবেদন জানাইতেছে। বাংলা দেশের জনপ্রিয় সরকারকে অবিলম্বে কুটনৈতিক স্বীকৃতি দানের জন্য ভারত সরকারকে এই সভা অনুরোধ করিতেছে। বাংলা দেশের ঐতিহাসিক মুক্তি-সংগ্রামে যথাসাধ্য সাহায্য করিবার জন্য জনসাধারণকে অনুরোধ করা হইতেছে।”

সভাপতির ভাষণে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু বলেন, পশ্চিম পাকিস্তানী সৈন্যদের আক্রমণে বাংলা দেশে যে গণহত্যা ও নিদারুণ অত্যাচার চলছে, তাতে আমরা মর্মান্তিক দুঃখিত ও বিচলিত। এই ব্যাপারে যতটা সম্ভব অর্থ-সাহায্য ও প্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে বাংলা দেশের জনগণের প্রতি সহানুভূতি জ্ঞাপন করা আমাদের একান্ত কর্তব্য। তিনি সকলের নিকট এই উদ্দেশ্যে সাহায্য ও সহযোগিতার জন্য আবেদন জানান।

পরিশেষে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব ডক্টর জয়ন্ত বসু পশ্চিম পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে বাংলা দেশের মানুষের বলিষ্ঠ সংগ্রামকে অভিনন্দন জানিয়ে তাঁদের এই মুক্তি-সংগ্রামের সাহায্যার্থে বিজ্ঞান পরিষদ কর্তৃক একটি সাহায্য তহবিল খোলার কথা ঘোষণা করেন এবং এই তহবিলে সকলকে যথাসাধ্য দান করতে আহ্বান জানান।

দান পাঠাবার ঠিকানা—

বাংলা দেশ সাহায্য তহবিল

বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

পি-২৩, রাজা রাজকৃষ্ণ স্ট্রীট, কলিকাতা-৪

(ফোন: ৫৫-০৬৬০)।

জ্ঞান ও বিজ্ঞান, চতুর্বিংশ বর্ষ, পঞ্চম সংখ্যা, মে ১৯৭১

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion